পোস্টগুলি

লিরিক লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

লিরিক - ৮

তোমার আকাশ পরে ছোঁব আমার আকাশ ছুঁই একে একে দুই হবো না হবো জোনাক জুঁই তোমার আকাশ মেঘ জমেছে এই আকাশে আলো ওখানটাতে পরেই যাবো জোনাক আকাশ ভালো আমার কাছে রঙ ঝিলমিল স্বর্গ পাখির ডানা ময়না কারো খাঁচায় আছে ডাকনাম তার জানা  মুক্ত পাখি গায় না কেনো বন্দী পাখি গায় নাম ধরে সে কেনো ডাকে নামের বুলি চায় মুক্তি মানে কেউ-কিছু নেই মুক্তি মানে ঝড় নামের মাঝে নেশা নেশা নামের মাঝে জ্বর ২৬/০৮/২০১১

দুটি লিরিক

= ১ = রাত্রি তোমার নন্দিত ফুল হয়ে ফুটে আছে খুব ফুটে আছে এসময়ে রূপটি ভীষণ অরূপ রুপাজলে এসেছে ঘর বৃষ্টির মৌ তালে আজ বিভোর লিরিকের রাত তুমি বুনছো রাত সুর দিয়েছো তুমি শার্সিতে জল আলতো আলতো ছুঁয়ে মন-কথা জল আঙ্গিনার ঘাস জুঁইয়ে সুবাসের কোন খোলা জানালার কানে হরফ দিয়েছো কবিতা দিয়েছো এনে কবিতারা গান ফোঁটা ফোঁটা জল মুখে কবিতারা সুর বরষার মুখ দেখে আলো নিভিয়েছো আলো জ্বলে আলো জ্বলে জোনাকির মত মুহূর্ত নেভে জ্বলে আবছা নীলে আঁধার মিশেছে রাতে কান পেতে রাখ রাত্রির পাখি ডাকে ভেবেছিলে খুব একলা বর্ষা দেখা এই রাত্তিরে তুমি একা- সব একা... ........................... = ২ = ছায়ার সাথে কার খেলারে শিশু ছায়া কার ছায়ার সাথে মায়ার খেলা শূন্যে প্রতিবার এমন অনেক খেলাই আছে মনে খেলার নদী ছিন্ন মনে খেলা করে নদী নিরবধি বন্ধু তুমি আলো হবে শিশুর মত হব দীপ্র এসে আমায় ছুঁয়ো দেখতে তোমায় পাব আমার সাথে আমার ছায়ার খেলা তখন নদী তুমি আছো জেনেই খুশি লক্ষ শ্রাবণ কাঁদি

লিরিক - ৫

হলদে পাখির দিন তোমায় ভুলতে নেই ফুল দোকানে তিন কথায় রাগতে নেই কথার শালিক আজ একটা পাখি হয়ে চুপ রয়েছে খুব রোদেরই হৃদয়ে হলদে পাখির দিন ফুল দোকানে তুই গেছিলি কোন্ ভুলে নিয়েছিলি জুঁই জুঁই গন্ধে ঘুম দিন ফিরেছে বাড়ি গোলাপ চেয়েছিল জুঁই দিল আনাড়ি হলদে পাখির দিন ফুলের মানে জানো সাদা রঙে ভুল করেছিলে মানো সকাল সকাল রোদ ভুলে যেতে নেই ফুল দোকানে তিন কথায় রাগতে নেই

মেসবাড়ির লিরিক

পুরোনো ঘর পুরোনো তোর পুরোনো মেসবাড়ি সিংগেল বেড ময়লা চাদর না তোলা মশারী তুই নিশাচর ঘুম দিনভর ক্লাশ বাংকের ফাঁকে লাইব্রেরীর চুপটি কোণ মিষ্টি হেসে থাকে ‘সেলুনে যা চুল কাটা’ ঠোঁট বাঁকানো রাগ লাল পাড়ে সাদা শাড়ি ঠান্ডা চায়ের কাপ অবাক ভোর, ছিল তোর একুশ ফেব্রুয়ারী রাতের আলপনা শেষে মৌন প্রভাতফেরী এমন সব, শোক - নাটক, আনন্দ মিছিলে চিত্র প্রদর্শনীর হলে ক্যান্টিন-টেবিলে জমিয়ে গান আড্ডা তোর রাত করে মেসবাড়ি না-ঘুম রাত, কল্পনায় রাতটা যে দরকারী সেদিন ভোর, অবাক তুই, তোর কে এসেছিল? সাত সকাল মেসবাড়ি সাজিয়ে দিয়েছিল খুব গুছিয়ে ঘরটি তোর, টানানো মশারী সেই মেয়েটা বলেছিল, ‘দেখ্, গোছাতে পারি’ বুঝলিনা, কিচ্ছু তার- বুঝলি কি এর মানে সেই সকালের গল্পকথা কাকে পিছুটানে? পিছুটানের মানে জানিস তুইও যাযাবর লিখলি তবে কেমন করে সকালের অক্ষর! =========================== জানুয়ারী ৩১, ২০১২

লিরিক - ৩

খুব দেবে শীত কুয়াশা তোমার নাম ঘ্রাণ দেবে ওম গন্ধ বকুল ভুল পরিণাম পথ দেবে পথ পথ হারাবার ধুমকি নেশা তোমার নামে শীতের দহন ঘুম কুয়াশা রাত পড়েছে ভীষণ কালো অন্ধকারে তারার বুকে মেঘের আঁচড় রাত্রি বাড়ে পথ যখনই ঘরের কিনার বকুল হাওয়া ভোরের কাছে যেতেই অসুখ নিশি পাওয়া ..................... ০৮/১২/২০১১

লিরিক - ২

তুমি এমন ঘুমিয়ে গেলে জাগল আকাশ পলাশপুরের ছোট্ট স্টেশন দিল দরিয়ার চরের সাথে জাগলো সকাল রাত্রি দুপুর তুমিই কেবল ঘুম জাগালে ঘুমিয়ে গেলে আর এলে না সকল জাগা আনন্দরা খুঁজলো তোমায় ফিরলো তারা সঙ্গী বিহীন জানলেও না তুমিই কেবল ঘুম জাগালে ঘুমিয়ে গেলে আর এলে না ......... ০৮/১২/২০১১

লিরিক - ১

এখন আকাশ মন ভাল নেই সমুদ্র পাড় ঢেউ জেগে নেই ছুটির সাথে সমুদ্রেরও নেই পরিচয় ঘুম জেগে নেই রাত জেগে নেই দিন জেগে নেই---- ঘুম তাতো নয়; মৃত্যু অথৈ সহজ কথার সহজ হাসার কাছে আসার মুহূর্ত নেই চোখ বুজলেই মিরেরসরাই রুমানারা--- জীবন বিয়োগ স্বপ্ন বিয়োগ; ভিড় কিলবিল উপচে নগর, মৃত্যু খবর পড়তে বসি সকাল হলেই ! সকাল হলেই মৃত্যু দিবস চায়ের কাপে বড্ড তেতো অ্যাস্ট্রে ঠাসা রাত্রির কস বৃষ্টির জল শুষতে বুকে ইট পাথরের নেই রুচি নেই ইট পাথরের বুক আমাদের জল ফিরে যায় তার অভিমান, ফিরে যাওয়ায় এই বাতাসের মন ভাল নেই এখন আকাশ তীব্র কালো মেঘ নাকি তা পাপ আমদের জানলে ভাল, না জেনে মন পুড়বি কত? বুঝলে ভাল বুঝলে ভাল চোখের আলো জীবন প্রদীপ জ্বালিয়ে নিয়ে ছড়িয়ে দেবার ভাবনা ভাল নদীর মত জাগা ভাল হাতের কাছেই কোন্ সেই জন হাত বাড়াল? বুঝলে ভাল হাত ধরলেই ভালবাসা মানলে ভাল =========== July 18, 2011 at 5:01pm Dhaka